আপনি যদি ভিআইপি কারও সঙ্গে দেখা করতে যান, তখন সর্বাপেক্ষা উত্তম পোশাক পরিধান করেন, কোন গুরুত্বপূর্ণ মিটিং এ গেলে উত্তম পোশাক পরেন, কোন অনুষ্ঠানে গেলেও উত্তম পোশাক পরেন।
নামাজে কার সঙ্গে দেখা করতে যান আপনি ভাবতে পারেন? আপনার রবের সঙ্গে দেখা করতে যান, তাঁর সঙ্গে কথা বলতে যান, তাঁর সঙ্গে আপনার কথোপকথন হয়।
তাহলে নামাজে কেন ভালো ও উত্তম পোশাক পরিধান করেন না? এটা কি গুরুত্বপূর্ণ মনে হয় না?
আপনিই তো বলেন যে, নামাজে মন ধরে রাখতে পারি না, নামাজ ও নামাজের বাইরে মনোযোগ (একাগ্রতা, নিমগ্নতা, ভয়) আসে না। দেখুন আল্লাহ কীভাবে বলেছেন নামাজের ব্যাপারে:
”হে আদম সন্তান! প্রত্যেক মসজিদে (নামাজ ও নামাজের সময়) সুন্দর পোশাক-পরিচ্ছদ গ্রহণ করো।” (সুরা আরাফ : ৩১)
একাগ্রতার মাধ্যমে আপনার মধ্যে প্রশান্তি ও একাগ্রতার একটা বীজ এই পোশাকেই নিহিত রয়েছে। কীভাবে?
আপনি যখন একটি বিশেষ পোশাক পরিধান করবেন একজন বিশেষ কারো জন্য, তখন নিশ্চয়ই আপনার মন এই পোশাকের সঙ্গে সেই বিশেষ কারো জন্যই নিমগ্ন থাকবে। তাহলে আপনি যখন পৃথিবীর কারো জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য একটি বিশেষ পোশাক পরিধান করবেন তখন কি অন্যদিকে আপনার মন চলে যেতে পারে? না, পারে না।
কারণ এই পোশাক পরিধানের একটাই লক্ষ্য, সেই লক্ষ্যের দিকেই আপনার মন একাগ্রভাবে নিমগ্ন। এভাবে সালাতের ভেতরে একাগ্রতা ও নিমগ্নতা আনতে পারেন।
তাহলে চিন্তা করে দেখুন! আল্লাহ কেন নামাজে উত্তম পোশাক পরিধান করতে বলেছেন, তাঁর সঙ্গে প্রশান্তির অনুভূতি জাগানোর জন্য, তাঁর সঙ্গে উত্তম কথোপকথনের মাধ্যমে প্রশান্তি অর্জনের জন্য।
নামাজ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখে, আর যদি না রাখে তবে নিশ্চয়ই আমার নামাজে সমস্যা আছে। তাহলে সমস্যা কোথায়? কেন আমি আমার চক্ষুকে একাগ্রতার মাধ্যমে নামাজের বাইরে অবনত করতে পারি না?
এখানেও পোশাকেই একটা ওষুধ আছে। চিন্তা করুন, আপনি একটি সুন্দর পোশাক পরিধান করে, মাথায় টুপি বা পাগড়ি দিয়ে নামাজ আদায় করলেন বা মেয়েরা তাদের মত উত্তম পোশাক পরিধান করে নামাজ আদায় করলেন।
নামাজ থেকে আপনি যখন এই পোশাক নিয়ে বের হবেন, তখন কি পারবেন এই পোশাক ও টুপি নিয়ে অন্য ছেলে বা মেয়ের দিকে তাকাতে? নাহ, কারণ এই পোশাকই আপনাকে বাধা দেবে।
কারণ এই পোশাক একজন বিশেষ কারো জন্য। তাহলে আল্লাহর জন্য যখন এই পোশাক পরিধান করে তাঁর সঙ্গে দেখা করতে যাই, তাঁর আদেশ-নিষেধ মানতে যাই, এই একই পোশাক পড়ে কি আমি তাঁর বিরোধিতা করতে পারব? না, পারব না।
এভাবেই আল্লাহর জন্য, তাঁর আদেশে উত্তম পোশাক পড়তে পারলে আমাদের ভেতরেও একাগ্রতা আসবে ইনশাআল্লাহ।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.