উপসাগরীয় অঞ্চল ও দূর প্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু হয়েছে। গত মঙ্গলবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশের ধর্মীয় কর্তৃপক্ষগুলো বৃহস্পতিবার থেকে রোজা শুরু হওয়ার কথা জানায়।
আল আরাবিয়া জানায়, গত মঙ্গলবার রিয়াদে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার ও ধূলোবালুর কারণে চাঁদ দেখা কঠিন হয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটিও চাঁদ দেখতে পায়নি বলে জানায়।
এর ফলে শাবান মাসকে ৩০ দিন হিসাব করে বৃহস্পতিবার রোজা শুরু করার কথা জানানো হয়। উপসাগরীয় অন্যান্য দেশ, যথা- ওমান, কুয়েত, মিসর, জর্ডান ও লেবাননও একই ধরনের ঘোষণা দেয়।
এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াও জানায়, মঙ্গলবার তাদের দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও রোজা শুরু হয় বৃহস্পতিবার। অন্য দিকে পাকিস্তানে সাধারণত সৌদি আরবের একদিন পরই রমজান শুরু হয়।
কিন্তু দেশটির চাঁদ দেখা কর্তৃপক্ষ রুইয়েতে-হিলাল রিসার্চ কাউন্সিলের মহাসচিব মুফতি খালিদ এজাজ জানান, পাকিস্তানেও বৃহস্পতিবার রোজা শুরু হবে।
খালিদ এজাজ জানান, নতুন চাঁদের বয়স ১৯ ঘণ্টার বেশি এবং সূর্য ও চাঁদ ডুবে যাওয়ার মধ্যে পার্থক্য ৪০ মিনিটের বেশি হলেই কেবল তা দেখা সম্ভব হয়। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় পাকিস্তানের সব শহরেই নতুন চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টার বেশি। এবং সূর্য ও চাঁদ ডুবে যাওয়ার মধ্যে পার্থক্য থাকবে ৫৮-৬০ মিনিট।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.