চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাইচ্ছা সোহেল বা ছাপড়ি সোহেলকে নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের কর্মী হিসেবে সুবিধা ভোগ করা সোহেল ৫ আগস্টের পর গিরগিটির মতো রং বদলে এখন নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের আমলে তিনি সাধারণ মানুষকে জিম্মি করে সরকারি জমি ও ব্যক্তিগত জমির মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে গোবিন্দপুর মৌজায় সরকারি খাসজমি এবং লামচর মৌজায় সাধারণ মানুষের জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন সোহেল। গোবিন্দপুর মৌজার সরকারি ১/১ খতিয়ানের সাবেক দাগ নম্বর ১৪৯৫ এবং বিএস দাগ নম্বর ৮৫১০-এর জমির টপসয়েল বিক্রি করেও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া লামচর মৌজার বিএস দাগ নম্বর ৮৫৬৫ ও ৮৫৬৭-এর জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টপসয়েল কেটে বিক্রি করে দেন সোহেল। স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডে তাঁকে মদদ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া। সরকার পরিবর্তনের পর তিনি রাতারাতি বিএনপি নেতা বনে যান এবং স্থানীয় গোয়ালভাওর বাজারে ডাকাতিয়া নদীর পাড় দখল করে অবৈধভাবে দোকান ও মাছের আড়ত গড়ে তোলেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রশাসন ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
সর্বশেষ সরকারি চাল চুরির একটি ঘটনায় সোহেল ব্যবসায়ী ওলি উল্যাহকে ফাঁসানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পুলিশের তদন্তে সোহেলের মহাপরিকল্পনা বেরিয়ে এলে তিনি জেলা বিএনপির এক নেতার নাম ভাঙিয়ে রক্ষা পেলেও ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা দেন। এ ছাড়া সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করেছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা।
সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সুপারভাইজার নির্বাচিত হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এক প্রভাবশালী এক জামায়াত নেতা ও শিক্ষকের সুপারিশে তিনি এই পদ পেয়েছেন বলে দাবি স্থানীয় বিএনপির। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, এই অনুপ্রবেশকারী ও হাইব্রিড নেতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ বিষয়ে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহেল বেপারী বলেন, সরকারি খাসজমি দখল, মাটি বিক্রি, চাল আত্মসাৎ এবং নদীর পাড় দখল করে দোকান ও মাছের আড়ত স্থাপনের অভিযোগ অস্বীকার করেছেন সোহেল ব্যাপারী। তাঁর দাবি, এসব অভিযোগের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করতে এসব অভিযোগ তোলা হচ্ছে।
সোহেল বেপারী বলেন, চাল উদ্ধারের ঘটনায় কৃষি কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে একাধিকবার তদন্ত হয়েছে। এসব তদন্তে তাঁকে সম্পৃক্ত পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। যে দোকানে চাল পাওয়া গিয়েছিল, সেই দোকানমালিকের সঙ্গে জায়গা নিয়ে বিরোধ ছিল। ওই ব্যক্তি তাঁকে জড়ানোর চেষ্টা করায় তিনি আদালতে মামলা করেছেন বলেও জানান। তবে ৩০ হাজার টাকা জরিমানার বিষয়ে কিছু বলেননি।
গোয়ালভাঙড় বাজারের দক্ষিণ পাশে ডাকাতিয়া নদীর পাড় দখল করে দোকান ও মাছের আড়ত স্থাপনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাবেক বাজার সভাপতি আলী হোসেন মিয়ার কাছ থেকে জায়গাটি কিনেছিলেন। তবে জায়গাটি নদীগর্ভে চলে যাওয়ায় পরবর্তী সময়ে সেখান থেকে মালামাল সরিয়ে নেন। এ-সংক্রান্ত কাগজপত্র তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। সরকারি মাটি বিক্রি কিংবা কাউকে ভয়ভীতি দেখিয়ে সম্পদ দখলের অভিযোগও অস্বীকার করে সোহেল ব্যাপারী বলেন, এসব অভিযোগ প্রমাণিত হলে আইনগত সিদ্ধান্ত মেনে নেবেন।
জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন।
নিজের পেশা সম্পর্কে তিনি বলেন, ২০১৪ সালে পড়াশোনা শেষ করার পর থেকে মাছ চাষ ও মাছের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এ কাজে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার কথাও জানান তিনি। এ ছাড়া গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকেরা তাঁর এলাকায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করতে পারেন। কোনো অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে যথাযথ প্রতিবেদন প্রকাশেও আপত্তি নেই।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, সোহেল বেপারীরা এলাকায় প্রভাব বিস্তার করেন। নিজেদের প্রভাব খাটিয়ে তাঁরা অবৈধকে বৈধ এবং বৈধকে অবৈধ করার চেষ্টা করেন। তাঁদের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তারঁ দাবি, তাঁরা বিএনপির কেউ নন। বরং স্বতন্ত্র সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাঁর অভিযোগ, বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বহিষ্কৃত হওয়ার পর জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে তাঁদের ভূমিকা ছিল। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাঁরা নৌকার পক্ষেও নির্বাচন করেছেন। তিনি আরও বলেন, নিজেদের সুবিধা অনুযায়ী তাঁরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ নেন। তাঁদের নিজস্ব কোনো রাজনৈতিক আদর্শ বা দলীয় অবস্থান নেই বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য মাহাবুব রুবেল বলেন, সোহেল বেপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন নয়। এর আগে তাঁর বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছিল এবং এ নিয়ে তদন্তও হয়েছে বলে দাবি করেন তিনি। মাছ চাষের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি ইজারা নিয়ে সেসব জমির মাটি কেটে বিক্রি করার ঘটনাও ঘটেছে। এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে এবং পুলিশ তাঁকে আটক করেছিল।
সোহেল বেপারীর রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, তিনি আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচনের সময় তাঁর পদ পুনর্বহাল করা হলেও পরবর্তী সময়ে নতুন করে কোনো পদ-পদবি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। বর্তমানে গোবিন্দপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই যুবদল নেতা। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলীয় আদর্শ অনুসরণ এবং মানুষের কল্যাণে কাজ করা উচিত। দলের বাইরে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে তা সাধারণ কর্মী-সমর্থকেরা ভালোভাবে নেন না।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, সোহেল বেপারী বিএনপির নেতা কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কতটুকু সত্য, আর কতটুকু মিথ্যা, তা যাচাই না করে মন্তব্য করতে চান না। জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। জমি দখলের কোনো ঘটনা সম্পর্কে তাঁর কাছে তথ্য নেই বলেও জানান তিনি। অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই ছাড়া কাউকে দোষী বা নির্দোষ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেন এই ইউপি সদস্য।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ আহম্মদ বলেন, সোহেল বেপারী বিরুদ্ধে মাটি কাটা বা বিক্রির বিষয়ে তাঁদের দপ্তরে কোনো অভিযোগ আসেনি। এ ধরনের কোনো অভিযোগের তথ্য তাঁর কাছেও নেই। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মাটি কাটা সংক্রান্ত কোনো অভিযোগ বা ঘটনা সম্পর্কে তাঁরা অবগত নন। উপজেলা ভূমি অফিস থেকেও এ বিষয়ে তাঁকে কোনো তথ্য জানানো হয়নি। তবে বিষয়টি সাংবাদিকের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান বলেন, সোহেল ব্যাপারীর বিরুদ্ধে টপসয়েল বিক্রির অভিযোগ সম্পর্কে তাঁর কাছে আপাতত কোনো তথ্য নেই। তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন। ফলে ঘটনাটি পুরোনো হলে সে বিষয়ে তাঁর জানা না-ও থাকতে পারে। তিনি বলেন, তাঁরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। গতকালও অভিযান চালিয়ে ড্রেজার ও ট্রাক বন্ধ করেছেন। তবে সোহেল ব্যাপারীর বিরুদ্ধে টপসয়েল বিক্রির অভিযোগসংক্রান্ত কোনো তথ্য বর্তমানে তাঁর কাছে নেই।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.