পিঠা ও পায়েসে ভরপুর আয়োজন থাকে বাঙালির ঘরে। সেটা শীত হোক, ঈদ বা ছোট বড় সব উৎসবে থাকা চাই সুস্বাদু পিঠার আয়োজন। তাছাড়া এখন বেশির ভাগ মানুষের ঘর থেকে বাহিরে যাওয়া হয় না। তাই ঘরে বসে তৈরি করতে পারেন বাহারি সব পিঠা।
বাজারে এখন আম পাওয়া যায়। এই আম দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করে খেয়ে থাকি। তবে কখনো আম দিয়ে পাটিসাপটা পিঠা খেয়েছেন কি? পরিবার আর অতিথি আপ্যায়নে পাটিসাপটা পিঠার জুড়ি নেই। যে কোনো সময় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার পিঠাটি। চলুন তবে জেনে নেয়া যাক পাকা আমের সুস্বাদু পাটিসাপটা পিঠা তৈরির রেসিপিটি-
উপকরণ: পাকা আমের রস আধা কাপ, চালের গুঁড়া এক কাপ, ময়দা আধা কাপ, চিনি আধা কাপ, ঘি এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি প্রয়োজন মতো, তেল পরিমাণ মতো।
পুরের জন্য: সুজি দুই টেবিল চামচ, তরল দুধ তিন কাপ, আমের রস আধা কাপ, চিনি আধা কাপ, কাজুবাদাম এক টেবিল চামচ, পেস্তা এক টেবিল চামচ, টুকরা করা আম এক টেবিল চামচ, এলাচ চারটি, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে একটি পাত্রে পাকা আমের রস ঢেলে নিন। একে একে চালের গুঁড়া, ময়দা, চিনি, লবণ, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি দিয়ে ভালো করে মেখে ব্যটার তৈরি করে নিন। আধা ঘণ্টা রেস্টে রাখুন ঢাকা দিয়ে। এবার একটি প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে সুজি লালচে করে ভেজে নিন। তরল দুধ দিয়ে দিন। চিনি, পাকা আমের রস, এলাচ, টুকরা কাজুবাদাম, টুকরা করা পাকা আম, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে থাকুন। অল্প নরম থাকতে নামিয়ে নিন।
এবার একটি প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে তৈরি করা ব্যটার দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রাখুন। তৈরি করা পুর একপাশে দিয়ে ভাঁজ করে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল পাকা আমের পাটিসাপটা পিঠা। পরিবেশনের আগে তৈরি করা পিঠার উপরে পেস্তা কুচি দিয়ে পরিবেশন করুন পাকা আমের সুস্বাদু পাটিসাপটা পিঠা।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.