অনেক ভাবে নান রুটি তৈরি করা যায়। স্বাদের ভিন্নতার কারণে এর নামও ভিন্ন ভিন্ন হয়। রসুন আর বাটার দিয়ে তৈরি নান রুটি গার্লিক নান হিসেবে পরিচিত। গ্রিল চিকেন কিংবা বিফের সঙ্গে এই রুটি জমে বেশ। পরিবেশন করা যায় বিভিন্ন ধরনের কারির সঙ্গেও। তাই বিকেলের নাস্তায় রাখতে পারেন গার্লিক নান। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক গার্লিক নান তৈরির রেসিপিটি-
উপকরণ: ময়দা দুই কাপ, ইস্ট এক চা চামচ, গরম দুধ এক কাপ, লবণ পরিমাণ মতো, বেকিং পাউডার এক চিমটি, গলানো বাটার চার চা চামচ, রসুন মিহি কুচি করা দুই চা চামচ।
প্রণালী: হালকা গরম দুধের সঙ্গে ইস্ট মিশিয়ে ভালোভাবে নাড়ুন। এরপর দশ মিনিট ঢেকে রাখুন। এবার বড় একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে মেশান রসুন কুচি ও বাটার। ভালোভাবে মেশানো হলে তাতে ইস্টযুক্ত দুধ অল্প অল্প করে ঢেলে খামির তৈরি করে নিন। বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে গরম পানি যোগ করুন। ডো খুব নরম করে বানান। এতে রুটি ভালোভাবে ফুলবে।
ডো এর উপর অল্প তেল বা বাটার মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ডো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। ডো ভাগ ভাগ করে নিয়ে রুটির মতো বেলে নিন। পছন্দ মতো শেপে নান তৈরি করুন। চুলায় তাওয়া গরম করতে দিন। বাটার দিয়ে মাঝারি আঁচে নানগুলো সেঁকে নিতে হবে। নানের উপরের অংশ ফুলে উঠলে সাবধানে উল্টে দিন। এভাবে একটি একটি করে নান সেঁকে তুলে নিন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.