কবি অলোকরঞ্জন দাশগুপ্ত আর নেই। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জার্মানিতে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত চার দশক ধরে জার্মানির বাসিন্দা ছিলেন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। সেখানেই তিনি স্থানীয় সময় রাত ৯টার দিকে মারা যান। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর স্ত্রী এলিজাবেথ মোবাইলফোনে এ খবর জানান।
১৯৩৩ সালের ৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন কবি অলোকরঞ্জন। শান্তিনিকেতনে প্রথম পাঠ সেরে উচ্চশিক্ষার জন্য তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। কলকাতা বিশ্ববিদ্য়ালয় থেকে শেষ করেন স্নাতকোত্তর। এর পর দীর্ঘদিন শিক্ষকতা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে।
হামবোল্ড ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে অলোকরঞ্জন একসময়ে জার্মানিতে পাড়ি জমান। বাংলা ভাষার সঙ্গে জার্মান সাহিত্যের মেলবন্ধনের রূপকার হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। বাংলা কবিতা জার্মান ও ইংরেজি ভাষায় অনুবাদের পাশাপাশি জার্মান ভাষার কবিতাও বাংলায় অনুবাদ করেছেন। জার্মান সরকার তাঁকে গ্যেটে পুরস্কারে ভূষিতও করে। ১৯৯২ সালে মরমী কারাত কাব্যগ্রন্থটি তাঁকে ভারতের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাইয়ে দেয়।
রবীন্দ্র ধারার কাব্যরুচি থেকে বাংলা কবিতাকে পৃথক খাতে বইয়ে দেওয়ার শুরু পঞ্চাশের দশকে। এই সময়ে যাঁরা নিজস্ব ভাষাভঙ্গি নিয়ে লিখতে শুরু করেছিলেন, অলোকরঞ্জন ছিলেন তাঁদের অগ্রপথিক। এপর্যন্ত তাঁর ২০টির ওপর কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.