মেঠো পথ, দুই পাশে নুয়ে পড়া সবুজ ঘাস মাঝখানে, বুক চিরে তার মানুষের পদচিহ্ন। কবির বর্ণনায় উঠে আসা সবুজ গ্রামের চিত্র এটি। পণ্য কেনাবেচার এ যুগে এবার বিক্রি হচ্ছে গ্রাম। পুঁজিবাদের এ যুগে এটা খুবই স্বাভাবিক।
মানুষের অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে তার ক্রয়ক্ষমতা। কিন্তু বর্তমানে এই ক্ষমতা এতই বেড়েছে যে, আস্ত একটি গ্রামই কিনতে আগ্রহ প্রকাশ করেছে অনেক ক্রেতা। ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটির সরকার ‘লেক ওয়েটাকি ভিলেজ’ নামের গ্রামটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে। খবর সিএনএন।
তিন দশক ধরে জনশূন্য এই গ্রামটি দেশটির দক্ষিণ দ্বীপের ডানেডিন থেকে প্রায় ১১২ মাইল দূরে অবস্থিত। এর বিক্রয়মূল্য ধরা হয়েছে ২ দশমিক ৮ মিলিয়ন ডলার। এই গ্রামের আশপাশটাও বেশ নির্জন। তথাকথিত শহর বা গ্রাম বলতে আমরা যা বুঝি এটি ঠিক তেমন নয়।
গ্রামটিতে রয়েছে মাত্র আটটি বাড়ি, একটি রেস্টুরেন্ট এবং গাড়ি রাখার স্থান। তবে এর প্রাকৃতিক দৃশ্য খুবই নয়নাভিরাম। তাই অনেক পর্যটকের কাছে এটি খুবই আকর্ষণীয় স্থান।
প্রায় ৯০ বছর আগে এখানে একটি বাঁধ নির্মাণ করার সময় গ্রামটির গোড়াপত্তন হয়। ১৯৩০ সালে এখানে মানুষ আসতে শুরু করে। কিন্তু নির্মাণকাজ শেষে তারা সেখান থেকে চলে যেতে থাকে।
আবার ওই সময় নতুন করে অনেকে এসে বসবাস শুরু করেন। মানুষের আসা-যাওয়ার মধ্যেই গ্রামটি মুখরিত ছিল। একটা সময় এখানে প্রায় তিন হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু ১৯৮০ সালে গ্রামটি একেবারে খালি হয়ে যায়।
বিজ্ঞাপন দেখে নিউজিল্যান্ডভিত্তিক একটি রিয়েল এস্টেট এজেন্সির কর্মকর্তা কেলি মিলমিনে বলেন, গ্রামটিকে ভ্রমণের জন্য আদর্শ জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই আমরা এটি কিনতে আগ্রহী।
তবে বিদেশি কিংবা অভিবাসীরা ইচ্ছে করলেও এটি কিনতে পারবেন না। চলতি বছরের আগস্টে দেশটিতে সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত আইন পাস হয়। ওই আইন অনুযায়ী নিউজিল্যান্ডের বৈধ নাগরিক ছাড়া কেউ সম্পত্তি কিনতে পারবেন না।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.