ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সম্প্রতি এক মেক আপ আর্টিস্ট বহাল করেছেন। সুন্দরী এক তরুণী নিযুক্ত হয়েছেন এই পদে।
তাঁর মাসিক বেতনও জানা গিয়েছে— ১৫ লক্ষ টাকা। এ হেন খবরে উত্তাল সেশ্যাল মিডিয়া।
এক সর্বভারতীয় সংবাদংমাধ্যমের খবরে প্রকাশ, উপরের ছবি সহ ‘খবর’টি বাজারে ছাড়েন আদিত্য চতুর্বেদী নামের জনৈক ব্যক্তি। তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ‘খবর’ ও ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
ফেসবুকে আদিত্য নিজেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে বর্ণনা করেছেন। তাঁর এই পোস্টের পরে চলতে থাকে মোদীকে নিয়ে ট্রোল। সেই সঙ্গে অবশ্য অনেকে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশও করেন।
পরে জানা যায়, পুরো ঘটনাটিই অন্য। মোদীর মেক আপ বা ১৫ লাখি মাইনে— এর কোনওটিই সত্য নয়।
এই ছবিটি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের। সেখানে নরেন্দ্র মোদীর এক মোম-মূর্তির ‘মেক আপ’ সারছিলেন মিউজিয়ামেরই এক কর্মী। সেই ছবিকেই রং চড়িয়ে ‘মোদীর মেক আপ আর্টিস্ট’-এর গল্প বাজারে ছাড়া হয়।
জানা গিয়েছে, লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম ছাড়াও সিঙ্গাপুর, হংকং ও ব্যাঙ্ককের মিউজিয়ামেও মোদীর মূর্তি বসবে। প্রতিটি মূর্তি তৈরি করতে খরচ পড়েছে ১৫০,০০০ ব্রিটিশ পাউন্ড, ভারতীয় অর্থমূল্যে যা ১ কোটি ৪১ লক্ষ টাকার কিছু বেশি।
আপাতত এই ফেক নিউজ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। দশচক্রে যে ভগবানও ভূত হন, তার প্রমাণ মিলল আরও আরও এক বার।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.