এটি স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করা যাবে এবং বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে ঢাকার পূর্বাচলে স্থাপিত দেশের প্রথম ‘টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কার্যক্রম রবিবার থেকে শুরু হতে যাচ্ছে। ২৬ অক্টোবর, রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই হাসপাতাল ও রিসার্চ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ইন্টার্ন ও স্নাতকোত্তর ভেটেরিনারি ডাক্তারদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের উদ্দেশে সিভাসু কর্তৃপক্ষ ঢাকার পূর্বাচলে ২২ কাঠা জমির ওপর এই টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপন করেছে।
বর্তমান অবকাঠামোর পাশাপাশি এখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হবে এবং ওই ভবনে পোষা প্রাণীর চিকিৎসাসেবা প্রদানের সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা, যেমন—মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স ইউনিট, অর্থোপেডিক্স ইউনিট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইউনিট এবং ভ্যাকসিনেশন ইউনিট থাকবে। ইতোমধ্যে এখানে ডিজিটাল এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন, মাইক্রোস্কোপসহ আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।
এটি স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করা যাবে এবং বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা এ হাসপাতালের মাধ্যমে পোষা প্রাণী বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.