সবসময় কী নেই তার পেছনে ছুটতে থাকে মানুষ। কিন্তু কী আছে, সেটা হয়তো বুঝে ওঠার আগেই বেঁচে থাকার সময় ফুরিয়ে যায়। জীবনের শেষ প্রান্তে এসে তাই ফেলে আসা অপ্রাপ্তি গুলো নিয়ে আফসোস করে মানুষ। মৃত্যু শয্যায় নানান বিষয় নিয়ে মানুষের আফসোস জন্মায়। আর এ নিয়ে সম্প্রতি একটি জরিপ চালিয়েছে সাইকোলজির দুজন প্রফেসর। জরিপের ফলাফল চমকে যাওয়ার মতো।
এই জরিপে জানা গেছে মানুষ জীবনের শেষ প্রান্তে এসে কিংবা মৃত্যু শয্যায় সবচাইতে বেশি আফসোস করে প্রিয় মানুষদের জন্য। ৩৭০ জন আমেরিকান পুরুষ এবং নারীর ওপর চালানো এই টেলিফোন জরিপের ফলাফলে এই তথ্য জানা গেছে। জরিপে ১৮% অংশগ্রহণকারী জানিয়েছেন তারা পুরানো প্রেম, হারিয়ে ফেলা ভালোবাসার জন্য আফসোস করেছেন, ১৬% জানিয়েছেন পরিবারকে সময় দিতে না পারার আফসোসের কথা। এছাড়াও শিক্ষা (১৩%), ক্যারিয়ার (১২%), আর্থিক অবস্থা (১০%), অভিভাবকত্ব (৯%) এবং
স্বাস্থ্য (৬%) নিয়ে আফসোস করেছেন অনেকে। অর্থাৎ প্রাক্তন প্রেম, হারিয়ে ফেলা ভালোবাসার মানুষ, পরিবার এবং অভিভাবকত্ব সব মিলিয়ে মোট ৪৩% মানুষ সম্পর্ক নিয়ে আফসোস করেছেন। অথচ পুরো জীবনের বেশিরভাগ সময় মানুষ ছোটে শিক্ষা এবং ক্যারিয়ারের পেছনে। গবেষকদের মতে, মানুষের মজবুত, সুন্দর এবং স্থিতিশীল সম্পর্কের তৃষ্ণা থাকে। যখন সেটা পায় না, তখন মানুষ নিজেকে অসুখী মনে করে এবং আফসোস থেকে যায়।
গবেষকরা আর মনে করেন, ভালোবাসা, পরিবার, বন্ধুত্বের সম্পর্কগুলো সুন্দর হলে এবং প্রিয় মানুষগুলোকে যথেষ্ট সময় দিলে স্বাস্থ্যও ভালো থাকে। বিষণ্ণতা কমে এবং হৃদপিণ্ড ভালো থাকে। তাই শিক্ষা এবং ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে ভালোবাসার মানুষগুলোকে অবহেলা করা উচিত নয় বলে মন্তব্য করেন তারা।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.