এতোদিন সকলে জানতেন পেঁয়াজ চুলের জন্য উপকারী। পেঁয়াজ ব্যবহারে কমে যায় চুল পড়া। সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে পেঁয়াজ। যে কারণে চুলের যত্নে মেহেদি পাতা, ডিম, কলার পাশাপাশি ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজ। তবে আজ জানবেন চুলের যত্নে একেবারেই নতুন একটি উপাদানের ব্যবহার।
নিশ্চয় এতোক্ষণে বুঝে গিয়েছেন কোন উপাদানের কথা বলা হচ্ছে এখানে। রান্না ও বিভিন্ন আচারে বাড়তি স্বাদ ও গন্ধ যোগ করতে রসুনের জুড়ি নেই। সেই রসুনই দারুন কাজ করে চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে। প্রশ্ন আসতে পারে, যদি পেঁয়াজ ব্যবহারেই কাজ হয় তবে রসুনের কী প্রয়োজন?
একেকজনের চুলে একেকটি উপাদান কাজ করে। অনেকেই অভিযোগ করেন, পেঁয়াজ ব্যবহারে কোন উন্নতি দেখা দেয় না। সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে রসুন। এছাড়াও যারা নিয়মিত চুলের যত্ন নেন, অন্যান্য উপাদানের পাশাপাশি তারাও ব্যবহার করতে পারেন রসুন। দীর্ঘদিন একই উপাদান ব্যবহারে সেই সকল উপাদানের কার্যকারিতা কমে যায় অনেকটা। সেক্ষেত্রে রসুন হতে পারে দারুন বিকল্প উপাদান।
রসুনে থাকা জিঙ্ক, ক্যালসিয়াম, সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের সমস্যা কমিয়ে আনে এবং চুল পড়া রোধ করে। পাশাপাশি রসুনে থাকা ভিটামিন সমূহ সাহায্য করে নতুন চুল গজাতে। পেঁয়াজের মতো রসুনের রস সরাসরি চুলে ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে হেয়ার প্যাক ও তেল তৈরি করে। আজকের ফিচারে দেখে নিন, চুলের যত্নে রসুনের চমৎকার সহজ দুইটি ব্যবহার।
রসুন ও মধুর হেয়ার প্যাক: এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রয়োজন হবে ৮ কোয়া রসুন ও ১ টেবিল চামচ মধু। প্রথমে রসুনের কোয়া থেকে রস বের করে মধুর সাথে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর হালকা ধাঁচের কোন শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে। সপ্তাহে এই হেয়ার প্যাকটি ২-৩ দিন ব্যবহার করতে হবে।
রসুনের তেল: এই তেল তৈরি জন্য ৮ কোয়া রসুন, আধা কাপ অলিভ অয়েল ও ১ টি পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ ছোট টুকরা করে ব্লেন্ড করে নিতে হবে। এতে রসুন যোগ করে পুনরায় ব্লেন্ড করে পেস্ট তৈরি করতে হবে। পরবর্তিতে কড়াইতে আধা কাপ অলিভ অয়েল গরম করে তাতে রসুন-পেঁয়াজের পেস্ট দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে এই পেস্ট জ্বাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেস্ট বাদামী বর্ণ ধারণ করে।
বাদামী বর্ণ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে পেস্টটি ছেকে তেল বের করে নিতে হবে। এই তেল মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এরপর ৩০-৪৫ মিনিট তেল মাথায় রেখে দেওয়ার পর হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে এই তেল।
সুস্থ চুল পেতে চাইলে যত্নশীল হতে হবে চুলের প্রতি। প্রাকৃতিক উপাদান সেক্ষেত্রে সবচাইতে উপকারী ভূমিকা পালন করে। তাইতো অল্প সময়ের মাঝে চুল পড়ার হার কমাতে চাইলে ব্যবহার করতে পারেন রসুনের হেয়ার প্যাক অথবা রসুনের তেল।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.