ওয়ালি উল্লাহ সিরাজঃ রাসূল (সা.) তাঁর উম্মতদের একে অপরের প্রতি দয়ালু হওয়ার তাগিদ দিয়েছেন। আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন তারা যাতে আল্লাহর দেওয়া সম্পদ শুধু নিজে ভোগ না করে সমাজের অভাবী ও দুঃখী মানুষের কষ্ট লাঘবেও ব্যয় করে সে বিষয়ে উৎসাহিত করেছেন।
তিরমিযি শরিফের হাদিসে সাহাবি হযরত আবু কাবশা আনমারী (রা.)-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, তিনটি বিষয়ের উপর তিনি কসম খেতে পারেন।
প্রথমতঃ দান-খয়রাত দ্বারা কোনো বান্দার সম্পদ হ্রাস পায় না। (অর্থাৎ আল্লাহর পথে সম্পদ ব্যয় করার কারণে কেউ কোনো দিন গরিব ও নিঃস্ব হয়ে যায় না, বরং তার সম্পদে আরও বরকত হয় এবং যার পথে সে দান-খয়রাত করে সেই মহান সত্তা তাঁর অসীম ভা-ার থেকে তাকে আরও বেশি দিয়ে থাকেন)।
দ্বিতীয়তঃ কোনো বান্দা অত্যাচারিত হয়ে যদি এর উপর সরব করে, তাহলে আল্লাহতায়ালা এর বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। (অর্থাৎ আল্লাহতায়ালা এ বিধান নির্ধারণ করে দিয়েছেন যে, যখন আল্লাহর কোনো বান্দার ওপর অন্যায়ভাবে জুলুম-নির্যাতন করা হয় আর সে সবর করে যায়, তখন আল্লাহতায়ালা এর বিনিময়ে দুনিয়াতেও তার সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেন।)
তৃতীয়তঃ কোনো বান্দা যখন ভিক্ষাবৃত্তির দ্বার উন্মুক্ত করে, তখন আল্লাহতায়ালা তার উপর অভাবের দরজা খুলে দেন। (অর্থাৎ যে ব্যক্তি মানুষের সামনে ভিক্ষার হাত প্রসারিত করার পেশা অবলম্বন করবে, আল্লাহতায়ালার ফায়সালা অনুযায়ী দারিদ্র্য ও অভাব তার উপর চাপিয়ে দেওয়া হবে।
এ তিনটি বিষয়ে আল্লাহর এমন অনড় সিদ্ধান্ত যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি এগুলোর ওপর কসম করতে পারি। উপরোক্ত হাদিসের আলোকে আল্লাহ আমাদের সবাইকে চলার তওফিক দান করুন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.