সম্প্রতি ফিলিপাইন, চীন ও হংকংয়ে আঘাত হেনেছে একটি শক্তিশালী সাইক্লোন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানল একটি হারিকেন। এদিকে আমাদের দেশে কখনোই হারিকেন বা টাইফুন আঘাত হানে না। বঙ্গোপসাগরে দেখা যায় সাইক্লোন বা ঘূর্ণিঝড়।
টাইফুন, হারিকেন ও সাইক্লোনের পার্থক্য কী এটা অনেকেরই মনে আসতে পারে। বাস্তবে এগুলোর মাঝে কোনো পার্থক্য নেই বলেই জানান আবহাওয়াবিদ শাদ মেয়ার্স।
তাহলে এদের নামের পার্থক্য হয় কেন? ভিন্ন ভিন্ন সাগরের কারণে এগুলোর ভিন্ন ভিন্ন নাম হয়।
ভারত মহাসাগরের বিশালাকার ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হয়। প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম অংশের ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। অন্যদিকে একই মহাসাগরের উত্তর-পূর্ব অংশের ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়।
পাশাপাশি উত্তর আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়কেও হারিকেন বলা হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশের ঘূর্ণিঝড়কেও সাইক্লোন বলা হয়।
সহজভাবে বলতে গেলে উত্তর আমেরিকার উভয় পাশের শক্তিশালী ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়। পূর্ব এশিয়ায় প্রধানত টাইফুন বলা হয়। এছাড়া দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হয়।
কিন্তু কোনো টাইফুন যদি মহাসাগর পার হয়ে হারিকেনের জন্য নির্ধারিত এলাকায় চলে যায়? উত্তর হলো তাহলে সেটি টাইফুন থেকে হারিকেনে পরিণত হবে। অর্থাৎ একে তখন আর টাইফুন নয় হারিকেন বলেই অভিহিত করা হবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.