চা খেতে ভালোবাসে না এমন মানুষ কমই আছে। সকালে ঘুম থেকে উঠার পর এক কাপ চা সহজেই শরীর চাঙা করে দেয়। তাছাড়া যে কোনো আড্ডায় চা ছাড়া যেন চলেই না। চা কয়েক পদের হয়ে থাকে। তবে অন্যান্য চায়ের তুলনায় গ্রিন টি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
তবে বেশিরভাগ মানুষেরই অভিযোগ গ্রিন টির স্বাদ ভালো না বা খেতে ভালো লাগে না। বিশেষ করে সকালে নাস্তার পরে বা আগে গ্রিন টিতে চুমুক দিলে অনেকেরই মেজাজ বিগড়ে যায়। অন্যদিকে, যারা স্বাস্থ্য সচেতন তারা কষ্ট হলেও গ্রিন টি খেয়ে নেন। তবে আপনি চাইলে গ্রিন টির স্বাদ বাড়াতে পারেন। এর জন্য জানতে হবে কিছু পদ্ধতি। চলুন তবে জেনে নেয়া যাক সে পদ্ধতিগুলো-
যেভাবে বানাবেন: গ্রিন টি অনেকক্ষণ ধরে ফোটালে তিতা হয়ে যায়। তাই সাবধান। প্রথমে একটা চা ছাঁকনি রাখুন। তাতে চা পাতা দিন। সেটা কাপে ডুবিয়ে উপর থেকে গরম পানি ঢালুন। ছাঁকনি যেনো ভালোভাবে পানির মধ্যে থাকে সে বিষয়টি খেয়াল রাখুন। এভাবে দু’মিনিট রেখে তুলে ফেলুন। টি ব্যাগ ব্যবহার করলেও তাই। আগে কাপে টি ব্যাগ দিয়ে তারপর তার উপর গরম পানি ঢালুন। একটা বিষয় মাথায় রাখবেন, গ্রিন টি দু’মিনিটের বেশি রাখলে তিতা হয়ে যাবে।
মশলা: গ্রিন টি তৈরি করার সময় পানিতে অল্প একটু দারচিনি, গোলমরিচ, একটা স্টার আনিস দিন। দেখবেন চায়ের স্বাদই বদলে যাবে। বিশেষ করে মধু যারা যোগ করতে চান না, দারচিনি তাদের জন্য উপযুক্ত।
ভেষজ: গ্রিন টির স্বাদ অনেকটাই পরিবর্তন হয়ে যাবে যদি কয়েকটা পুদিনা পাতা বা তুলসি পাতা উপর থেকে ফেলে দিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে স্বাদ গরম চায়ে মিশে যায়। তারপর চুমুক দিন। তবে টি-ব্যাগ ব্যবহার করে গরম পানিতে দু-মিনিটের বেশি রাখবেন না। নাহলে তেতো বেশি হয়ে যাবে।
অন্যান্য উপাদান: চায়ের স্বাদ বাড়াতে লেবুর জুড়ি মেলা ভার। কয়েক ফোটা লেবুর রস যদি চায়ে দিতে পারেন, তেতো স্বাদ একদম কেটে যাবে। বর্ষার মৌসুমে খুব ভালো জমবে গ্রিন টি।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.