এনার্জি ড্রিঙ্কস—শিশু থেকে বৃদ্ধ, সবার পছন্দের তালিকায় থাকা একটি পানীয়। কিন্তু আমরা অনেকেই জানি না পছন্দের এ পানীয়টি নিয়মিত পানে আমাদের দেহের কী ক্ষতি হয়। বিশেষ করে শিশুদের দেহে এর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা আমাদের অনেকেরই অজানা। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
জানা যায়, এনার্জি ড্রিঙ্কস নিয়ে করা গবেষণার ফল দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। গবেষণার ফল প্রকাশের পর খোদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দেশটিতে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছে এনার্জি ড্রিঙ্কস বিক্রি নিষিদ্ধ হতে পারে। পানীয়টি শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এমন উদ্বেগের মধ্যেই তিনি এমন মন্তব্য করেছেন।
প্রকাশিত সংবাদ থেকে আরও জানা যায়, শিশুদের কাছে এনার্জি ড্রিঙ্কস বিক্রি অবৈধ ঘোষণার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তিরাজ্যের সরকার এ জন্য একটি গণ-আলোচনার (পাবলিক কনসালটেশন) সূচনা করেছে। কোন বয়স থেকে পানীয়টি নিষিদ্ধ হওয়া উচিত সে বিষয়ে মতামতও চাওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এ বিষয়ে দুটি বিকল্পও দেয়া হয়েছে; এর একটি হলো ১৬ বছর, অন্যটি ১৮।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেজা মে শিশুদের স্থূলতাকে দেশের একটি বড় স্বাস্থ্যবিষয়ক চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘শিশুদের জন্য সবচেয়ে ভালোভাবে তাদের জীবন শুরুর জন্য আমরা কী করতে পারি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে জন্য আমি সবাইকে তাদের মতামত দেওয়ার জন্য উৎসাহিত করছি।’ দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী স্টিভ ব্রাইন বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার ওপর ঝুঁকি তৈরি করতে পারে এমন কিছু থেকে শিশুদের রক্ষার দায়িত্ব আমাদের।’
জনস্বাস্থ্য বিভাগের প্রধান নির্বাহী ডানকান সেলবি বলেন, ‘শিশুদের স্থূলতা মোকাবেলায় এ ধরনের পানীয় বিক্রির ওপর বিধি-নিষেধ আরোপ হবে দারুণ শক্তিশালী পদক্ষেপ।’ যুক্তরাজ্যের অনেক দোকানি ইতোমধ্যে নিজেরাই ১৬ বছরের কম বয়সীদের কাছে এ ধরনের পানীয় বিক্রি বন্ধ করে দিয়েছেন। তবে শিশুরা চাইলে খুচরা বিক্রেতা ও ভেন্ডিং মেশিন থেকে কিনতে পারে।
শুধু যুক্তরাজ্য নয়, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস নিষেধাজ্ঞাটি কার্যকর করতে পারে বলে খবরে প্রকাশ। আসুন এবার জেনে নেওয়া যাক কেন এনার্জি ড্রিঙ্কস শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে, ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের শিশু বা তরুণরাই বেশি এনার্জি ড্রিংঙ্কস পান করে থাকে। আর এসব পানীয়তে উচ্চ মাত্রার সুগার ও ক্যাফেইন থাকে, যার মাত্রা প্রায়ই দেখা যায় কোমল পানীয়তে থাকা এ ধরনের উপাদানের চেয়ে বেশি।
ফলে পানীয়টি বেশি মাত্রায় পান করলে শিশুদের জন্য স্বাস্থ্য সমস্যা তৈরির ঝুঁকি থেকে যায়। কারণ এ থেকে শিশুদের স্থূলতা, দাঁতের ক্ষয় রোগ, মাথাব্যথা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে করা জরিপ থেকে দেখা যায়, যেসব শিশু বেশি এনার্জি ড্রিঙ্কস পান করে শ্রেণিকক্ষে তাদের আচরণ তুলনামূলক খারাপ। আর কারণেই সংগঠনটি প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন আছেন এমন পানীয়র ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হতে পারে বলে জানায়।
যা থাকে এনার্জি ড্রিঙ্কসেঃ গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিঙ্কসে উচ্চমাত্রার সুগার ও ক্যাফেইন থাকে, যার পরিমাণ হয় ২৫০ মিলিগ্রাম ক্যানে অন্তত ৮০ মিলিগ্রাম। অথচ ৩৩০ মিলিগ্রামের একটি কোকাকোলা ক্যানে এর পরিমাণ থাকে ৩২মিলিগ্রাম। পাশাপাশি কিছু ছোট ‘এনার্জি শট’-এর ৬০ মিলিগ্রামের বোতলে ১৬০মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণায় আরও জানা যায়, বেশি মাত্রার ক্যাফেইন উদ্বেগ ও আতঙ্কিত হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। এমনকি এটি রক্তচাপও বাড়িয়ে দেয়। আর এ জন্যই গর্ভবতী কিংবা সন্তানকে বুকের দুধ খাওয়ান এমন নারীদের দিনে ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন সেবন না করতে নির্দেশনা দেওয়া হয়।
এনার্জি ড্রিঙ্কসে থাকা সুগার কতটা ক্ষতি করতে পারে? এনার্জি ড্রিঙ্কসে বিদ্যমান অতিরিক্ত সুগারের কারণে স্থূলতা, দাঁতের সমস্যা ছাড়াও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়। সুতরাং আর নয় শিশুদের হাতে এনার্জি ড্রিঙ্কস। তাদের সুস্বাস্থ্যই যেন সবার কাম্য হয়।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.