পিঠা খেতে বাঙালি বেশ পটু বলা যায়। নানা রকমের পিঠার সমারোহ বাংলায়। এখন তো তালের সময়। পাকা তাল পাওয়া যায় খুব সহজেই। আর পিঠার মধ্যে অন্যতম হচ্ছে তালের পিঠা। তালের বড়া কিংবা পায়েস তো খেয়েছেন। তবে তালের বিবিখানা পিঠা খেয়েছেন কি?
না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন এই পিঠাটি। তালের বিবিখানা পিঠা খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও যায় খুব সহজে। চলুন তবে জেনে নেয়া যাক তালের বিবিখানা পিঠা তৈরির রেসিপিটি-
উপকরণ: তালের রস এক কাপ, চালের গুঁড়া দেড় কাপ, চিনি দেড় কাপ, লবণ স্বাদ মতো, ফেটানো ডিম দুইটি, বেকিং পাউডার আধা টেবিল চামচ, কুড়ানো নারকেল এক কাপ, সুজি ১/৪ কাপ (১৫ থেকে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা), ময়দা আধা কাপ, গুঁড়া দুধ তিন টেবিল চামচ।
প্রণালী: প্রথমে চালের গুঁড়া, ময়দা আর বেকিং পাউডার চালনি দিয়ে চেলে নিন। এবার একটি বাটিতে একে একে চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার, চিনি আর তালের রস দিয়ে মিশিয়ে নিন। এবার লবণ, ফেটানো ডিম, কুড়ানো নারকেল, সুজি, গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট বাটিতে অল্প তেল ব্রাশ করে তাতে বেটারটা ঢেলে উপর দিয়ে অল্প নারকেল গুঁড়া ছিটিয়ে পুডিং বানানোর মতো পাতিলে পানি দিয়ে ভাপে বসিয়ে এক ঘণ্টা সময় অপেক্ষা করুন। এক ঘণ্টা পর তালের বিবিখানা পিঠা ভালোভাবে হয়েছে কিনা সেটা একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে পারেন। হয়ে গেলে নামিয়ে একটু ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার তালের বিবিখানা পিঠা।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.