কর্মজীবনে সাফল্য সবারই আরাধ্য। এই সাফল্য চট করে আসে না। দীর্ঘদিনের পরিশ্রম আর তার সঙ্গে দরকার যোগ্যতা। সেই সঙ্গে অবশ্যই দরকার সময়ানুসারে সঠিক সিদ্ধান্ত এবং বুদ্ধির প্রয়োগ।
ইসলামে কাজ ও কর্মকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। আন্তরিকতার পাশাপাশি দক্ষতা ও যোগ্যতার পরিপূর্ণ প্রয়োগ ও বিকাশের মাধ্যমে পেশাগত মান নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।
যা ইচ্ছে তাই বা গা ছাড়া গোছের অথবা দায়িত্বে অবহেলার সুযোগ ইসলামে নেই। প্রতিটি ব্যক্তি তার কর্ম, পেশা ও দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন।
রাসূলুল্লাহ সা. বলেছেন- كلكم راع وكلكم مسؤول عن رعيته “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই (কেয়ামতের ময়দানে) তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসা করা হবে।” (বুখারি: ৮৪৪)
আপনি যখন কোন প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট মাসিক প্রদেয়-এর বিনিময়ে চাকুরিতে চুক্তিবদ্ধ হচ্ছেন, আপনি চুক্তির শর্ত অনুযায়ী সে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কর্ম ঘণ্টায় আপনার মেধা ও শ্রম দিতে ওয়াদাবদ্ধ হয়েছেন। বরং আরও সঠিক তো হল উক্ত প্রদেয় এর বিনিময়ে নির্দিষ্ট কর্মঘণ্টায় আপনি আপনার মেধা ও শ্রম বিক্রি করেছেন।
একজন চাকুরিজীবী তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা তার জন্য পবিত্র আমানত। ইসলামে চুক্তি রক্ষা, বিশ্বস্ততা ও আমানতদারিতাকে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।
হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন- لاايمان لمن لاامانة له ولادين لمن لا عهد له- “যার মাঝে আমানতদারিতা নেই, তার ঈমানও নেই। আর যে ওয়াদা পালন করে না তার মাঝে দ্বীন নেই।” (বুখারি)
কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ “হে ঈমানদারগণ, তোমরা তোমাদের চুক্তিসমূহ পূর্ণ কর”। {সূরা আল-মায়িদাহ: ১}
আল্লাহ তাআলা আরও ইরশাদ করছেন- ان الله يأمرُكم ان تُوَدُّوا الْاَمَنَتِ الى اهلها
অর্থ: নিশ্চয় আল্লাহ্ তোমাদের আদেশ দিচ্ছেন যে, তোমরা যেন আমানত তার মালিকের কাছে প্রত্যার্পণ করো। (সূরা: নিসা-৫৮)
অতএব, আপনি আপনার ওয়াদা রক্ষা করা ও আমানতকে তার মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার বিষয়ে আল্লাহ কর্তৃক আদিষ্ট। এ আদেশ পালন করা আপনার উপর ফরয দায়িত্ব। আপনি যদি এক্ষেত্রে অবহেলা করেন, এর জন্য আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন।
এ দায়িত্ব যথাযথরূপে পালন আপনার কাছে অফিস কর্তৃপক্ষের প্রাপ্য অধিকার। সাধ্যের মধ্যে এর হেরফের হলে পরকালে আপনি এর জন্য অপরাধী হিসেবে ধৃত হবেন।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.