আমাদের দেশে গ্রাম-গঞ্জে সন্তান-সন্ততি, নাতি-পুতি মিলিয়ে ৫০/৬০ জনের পরিবার নতুন কিছু নয়। বরং বছর পঞ্চাশেক আগেও ১০০/১৫০ সদস্যের পরিবারও গ্রামে-গঞ্জে চোখে পড়ত হরহামেশাই।
কিন্তু যদি বলা হয়, একই পরিবারের সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিনশ। ইউক্রেনের অশীতিপর পাভেল সেমেনাওকের পরিবারের সদস্য সংখ্যা ৩৪৬ জন। আর তারা সবাই বেশ বহাল তবিয়তেই বাস করছেন পাশাপাশি গ্রামে।
দক্ষিণ ইউক্রেনের ওডেসা ব্লাস্ট অঞ্চলের ডবরোস্লাভ গ্রামের বাসিন্দা পাভেল সেমেনাওক (৮৭)। নিজের সন্তান মাত্র ১৩ জন হলেও তাদের সন্তান-সন্ততি এবং নাতি-পুতি মিলিয়ে ৩৪৬ জন জীবিত বংশধরের হর্তাকর্তা তিনি।
এর মধ্যে ১৩ সন্তানের ঘরে সেমেনাওকের নাতি-নাতনি ১২৭ জন, এর সাথে প্রপৌত্র (সন্তানের নাতি-নাতনি) ২০৩ জন। এখানেই শেষ নয়, সেমেনাওকের নাতি-নাতনির ঘরে জন্ম নেওয়া নাতি-নাতনিও রয়েছে ৩ জন। মাত্র দুই সপ্তাহ আগেই জন্ম নিয়েছে এই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য।
পরিবার তো পরিবার, ইউক্রেনের অনেক গ্রামের জনসংখ্যাই সেমেনাওকের পরিবারের সদস্যের চেয়ে কম। বয়সের ভারে কর্মজীবন থেকে বিশ্রামে যাওয়া এই নির্মাণ শ্রমিক সেমেনাওক তার এই বিশালাকার পরিবার নিয়ে অবশ্য কোনোভাবেই চিন্তিত নন।
বরং ব্যক্তিগতভাবে এমন বিশাল পরিবার গড়তে পেরে তিনি নিজেকে সফল ও সুখী বলেই মনে করেন। এদিকে স্বাভাবিকভাবেই ইউক্রেনের সবচেয়ে বড় পরিবারের স্বীকৃতি পেয়েছে পাভেল সেমেনাওকের পরিবারটি। তবে হিসাব ঘেঁটে দেখা যায়, বিশ্বেরই সবচেয়ে বড় পরিবার এটি। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সেই আবেদনের প্রস্তুতিই নিচ্ছেন সেমেনাওক।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.