আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। মুসলমানদের কাছে লাইলাতুল কদর মহিমান্বিত রাত। এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়।
এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘আল কদর’ নামে একটি সুরাও অবতীর্ণ হয়। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের মসজিদে আলোচনা, মিলাদ, নফল ইবাদত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পবিত্র শবেকদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ দুপুর ২টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একই দিনে বায়তুল মোকাররমে তারাবির নামাজের পর রাত পৌনে ১১টায় ‘পবিত্র লাইলাতুল কদরের ফজিলত ও করণীয়’ শিরোনামে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.