চুল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাদা চুলে কলপের ব্যবহার। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি-খ্রিস্টানরা যেহেতু চুলে কলপ ব্যবহার করে না তাই তোমরা কলপ ব্যবহার করো। (আবু দাউদ ও বাখারি)।
মক্কা বিজয়ের সময় হযরত আবু বকর (রা.) -এর বাবা আবু কুহাফাকে (রা.) যখন উপস্থিত করা হলো তখন তার চুল ও দাড়ি ছিল একেবারে শুভ্র। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তোমারা কালো ব্যতীত অন্য কোন কলপ ব্যবহার কর। (আবু দাউদ)।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো কলপ ব্যবহার করেছেন কি না এই বিষয়ে বর্ণনাকারীদের মত ভিন্নতা রয়েছে। তবে হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.) কলপ ব্যবহার করেছেন এটা প্রমাণিত। (প্রাগুক্ত) আর একজন মুসলিমের চুলে কলপ ব্যবহার করার জন্য আদর্শ হিসাবে এই দুজনই যথেষ্ট। সুতরাং কলপ ব্যবহার করাই উত্তম। (আল মুগনী)।
তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো- কী রঙের কলপ ব্যবহার করা হবে। হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) জাফরান রঙের কলপ ব্যবহার করেছেন। (আবু দাউদ)।হজরত আব্দুল্লাহ ইবনে আনাস থেকে বর্ণিত আছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি এবং লাল পুষ্প ও হলুদ রঙের কলপ ব্যবহার করা পছন্দ করতেন (প্রাগুক্ত)।
তবরানী শরিফের একটি বর্ণনায় আছে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবিকে লাল রঙের কলপ ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। (ফাতহুল বারী)। তবে কালো রঙের কলপ ব্যবহার করতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
যারা কালো রঙের কলপ ব্যবহার করবে তাদের সম্পর্কে একটি হাদিসে বলা হয়েছে যে, তারা বেহেশতের খুশবো থেকে বঞ্চিত হবে। (আবু দাউদ) অন্য আরও একটি বর্ণনায় আছে যারা চুলে কালো কলপ ব্যবহার করবে আল্লাহ তাদের প্রতি দৃষ্টি দিবেন না। তবরানী শরীফের একটি হাদিসে কালো কলপ ব্যবহারকারী সম্পর্কে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বর্ণিত আছে, আল্লাহ তাদের চেহারা কালো করুন। (ফাতহুর বারী)।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.