তারকা সন্তান- তারকারা তো আলোচনায় থাকেনই। নানা সময়ে তাঁদের সন্তানেরাও হয় গণমাধ্যমের শিরোনাম। এ সময়ে বেশ কয়েকজন তারকা সন্তান আছে আলোচনায়। কেন আলোচনায়?
আব্রাম খান জয়
শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বয়সটা দুইয়ের কোটায়। প্রকাশ্যে আসার পর থেকেই আছে আলোচনায়। বাবা-মায়ের বিচ্ছেদের পর স্বাভাবিকভাবে সে আলোচনাটা আরো বেড়ে যায়।
ছেলের এ অনিশ্চিত জীবনে কে থাকছেন তাঁর সঙ্গে? বাবা নাকি মা? ভরণপোষণ কে করবেন? একটা সময়ে এমন প্রশ্ন ছিল সবার মুখে মুখে। প্রকাশ্যে আসার পরে বহুবার খবরের শিরোনাম হয়েছে আব্রাম। অপুর সঙ্গে থাকে আব্রাম।
স্যোশাল মিডিয়াতেও সে দারুণ জনপ্রিয়। তাঁর ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে। যেখানে নানা সময়ে আব্রামের নতুন নতুন ছবি আপলোড করা হয়। আর ভক্তদের অজশ্র ভালবাসাও সেখানে উপচে পড়ে তখন।
আব্রামের এমন জনপ্রিয়তা নিয়ে অপু বিশ্বাস বলেন,‘ আমি চাই আমাদের চেয়েও মানুষ ওকে বেশি ভালবাসে। ওর বাবা-মা অনেক ভুল করেছে জীবনে। সেটা যেন ও না করে। যতদিন পারবো সে ব্যাপারে খেয়াল রাখবো।
আর ওর অবশ্যই উচ্চ শিক্ষিত হতে হবে। আমি মা হিসেবে সে চেষ্টা চালিয়ে যাবো। বিশ্বাস করবেন না, আমি কোন জায়গায় গেলে এখন কমন একটি প্রশ্ন, আব্রাম কোথায়? ওকে নিয়ে আসতেন। এটা বেশ ভালোই লাগে।
ছোট মানুষ তো। এখনো ও সব কিছু বুঝে উঠতে পারেনি। তাই নেয়া সম্ভব হয় না। ও আবার বেশি ভীড়ে হাপিয়ে উঠে। বাসায় বসে সে খুব শয়তানি করে। তবে অবাক করা বিষয়, আশেপাশের বাচ্চাদের তুলনায় ও কিন্তু খুবই কম কান্নাকাটি করে। ’
বাঁধন কন্যা সায়রা
আইনি লড়াই শেষে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব পেলেন লাক্স তারকা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মেয়ের মামলা নিয়ে অনেকদিন ধরে স্বামীর সঙ্গে লড়েছেন এ অভিনেত্রী। এ নিয়ে গণমাধ্যমে আলোচনা ছিল বেশ।
তবে সায়রাকে বিভিন্ন অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায়। সেভাবে মায়ের সঙ্গে মেয়েরও একটি পরিচিতি তৈরী হয়েছে। নানা সময়ে মা মেয়ের ম্যাচিং করা ড্রেস মুগ্ধতা ছড়ায় অনুষ্ঠানগুলো।
একবার তো অপু বিশ্বাস এক অনুষ্ঠানে বলেছিলেন,‘আমার সন্তান হওয়ার আগে তাঁদের ম্যাচিং ড্রেস পরে ভাবতাম আমার মেয়ে হলে আমিও এমন পড়বো। কিন্তু হলো তো ছেলে। তাঁর সঙ্গে ম্যাচিং করা সম্ভব হয় না। ’ মেয়েকে নিয়ে বাধন বলেন,‘ সাড়ে পাঁচ বছরের মেয়ে সায়রাকে নিয়েই সারাবেলা কাটে।
অভিনয়ের ব্যস্ততায় কাজের দিনগুলোতে সেভাবে সময় দিতে না পারলেও ছুটির দিনের পুরোটাই মেয়ের জন্য বরাদ্দ। মেয়ের নাওয়া-খাওয়া, বেড়ানো, সাধ-আহ্লাদ পূরণ যতটুকু সম্ভব নিজের হাতেই করি। অভিনয়শিল্পীরা সন্তানকে সময় দিতে পারেন না বলে যে ধারণা আছে তা আসলে ঠিক নয়।
আমি যথেষ্ঠ সময় দেই মেয়েকে। আর যখন আমি শোবিজে প্রথম প্রথম কাজ শুরু করি। তখন কোন ছবি পত্রিকায় দেখতে পেলে সে কি খুশি লাগতো। এখন মেয়ের ছবি দেখতে পেলে তেমন লাগে। তবে এখনো শিওর করে বলতে পারবো না ও শোবিজে কাজ করবে কিনা।’
তাহসান-মিথিলা কন্যা আইরা তেহরীম খান
সেলিব্রিটি জুটি তাহসান- মিথিলার দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। ভক্তকুল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খানকে নিয়ে। অনুরোধও করছেন মেয়ের ভবিষ্যত চিন্তা করে তারা যেন আলাদা না হন। এখন কার কাছে থাকবে আইরা?
মেয়ে আছে মায়ের কাছে। তবে বাবার সঙ্গেও নিয়মিত দেখা হয়। নিয়ম করে বাবার সঙ্গে সময় কাটান। মেয়েকে নিয়ে তাহসান বলেন,‘ ও তো আমার প্রিন্সেস। জীবনটা অনেক কঠিন। অনেক কিছু চাইলেই করা যায় না। আমি চাঁদটা ছুঁতে চাইলেও পারবো না। আমি বা ওর মা দুজনারই সবচেয়ে প্রিয় জায়গাটা হলো আয়রা। আশা করি ও উচ্চ শিক্ষিত হবে ‘
অপূর্বর আয়াশ
জনপ্রিয় টেলিভিশনের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। বয়স মাত্র সাড়ে তিন বছর। এইটুকু বয়সে বাবার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াল সে।
মনোযোগী অভিনেতার মতো বাবার দেখাদেখি পরিচালকের নির্দেশনাও শুনল। মোটকথা, ১ মে থেকে পুরোদস্তুর অভিনেতাই হয়ে গেল আয়াশ। সেদিন থেকে বাবা অপূর্বর সঙ্গে সে অভিনয় করছে শিহাব শাহীনের একটি টেলিছবিতে ‘বিনি সুতার টান’। আয়াশ স্কুলেও ভর্তি হয়েছে। ক্লাস ওয়ানে পড়ে।
বাবাকে অনুসরণ করবে ছেলে। তাই বলে এতোটা? হুম এতোটাই। অপুর্বের জায়ান এই বয়সেই প্রতেকটি পদক্ষেপে বাবাকে অনুসরণ করে। ফ্যাশনেও নাকি। অপূর্ব পত্নী নাজিয়া হাসান জানান,‘ছেলেকে সবসময় আগলে রাখে অপূর্ব। ছেলে বাবা অন্তঃপ্রাণ।আর অপূর্ব কিছু কিনলে ওর জন্যও ম্যাচিং করে কিনতে হবে। আমার ঘরে এখন দুই নায়ক। দুজনেই রোমান্টিক।’
সারিকা কন্যা
মাহিম করিম খানের সঙ্গে মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের বিবাহ বিচ্ছেদ হয়েছিল ২০১৬ সালে। এরপর থেকে তাদের সম্পর্কের বিষয়ে তেমন কোনো খবর আসেনি গণমাধ্যমে। তিন বছর পর একমাত্র এক অনুষ্ঠানে মুখোমুখি হয়ে দুজনই হলেন শিরোনাম। সেই অনুষ্ঠানটি ছিল তাদের একমাত্র মেয়ে সেহেরিশের।
সেখানে সারিকা, মাহিম ছাড়াও উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠজনরা। সারিকা জানান, ‘গতকাল ৪ মে, শুক্রবার ছিল তার মেয়ের তৃতীয় জন্মদিন। সেই জন্মদিন উদযাপন করতে তিনি হাজির হয়েছিলেন বনানীর একটি রেস্তোরাঁয়। মেয়ে আমার কাছেই থাকে। তবে জন্মদিন উপলক্ষে ওর বাবার সঙ্গে দেখা হয়েছে।’
সারিকার ডিভোর্সের সময় বেশ আলোচনায় ছিল মেয়ে। এছাড়া বাচ্চা বয়সেই মেয়েকে মডেলিংয়ে দেখা গেছে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.