কালচে ঠোঁট নিয়ে কম্বেশি সবাই চিন্তায় থাকেন। কারণ কালচে ঠোঁট সৌন্দর্য নষ্ট করার জন্য দায়ী। মূলত পুষ্টিকর খাদ্যের অভাব, পানিশূন্যতার পাশাপাশি সঠিক যত্নের অভাবে ঠোঁট কালচে হয়ে যায়। এই সমস্যার সমাধানে লিপ স্ক্রাব দারুণ কার্যকরী।
বিভিন্ন ব্র্যান্ডের লিপ স্ক্রাব পাওয়া গেলেও, ঘরোয়া কিছু উপাদানে সহজেই তৈরি করে নেয়া যাবে লিপ স্ক্রাব। চলুন তবে জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন লিপ স্ক্রাব-
কোকোয়া লিপ স্ক্রাব মাস্ক: এই লিপ স্ক্রাবটি পছন্দ হবে সবার। এর জন্য প্রয়োজন হবে এক টেবিল চামচ কোকোয়া পাউডার, দুই টেবিল চামচ ব্রাউন সুগার, এক চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট, ৩ বা ৪ চা চামচ মধু ও দুই চা চামচ অলিভ অয়েল। এই সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে ভেজা ঠোঁটে ৬ থেকে ১০ মিনিটের জন্য ম্যাসাজ করতে হবে আলতোভাবে। ম্যাসাজ শেষে পুরো ঠোঁটের উপরে মিশ্রণটি মাস্কের মত সমানভাবে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে আরো ১০ মিনিটের জন্য। এরপর ঠাণ্ডা পানিতে ঠোঁট ধুয়ে নিতে হবে।
মিন্ট লিপ স্ক্রাব: এই লিপ স্ক্রাব তৈরির জন্য দুই টেবিল চামচ অলিভ অয়েল, দুই টেবিল চামচ চিনি, ৮-১০ ফোঁটা পিপারমিন্ট অয়েল ও আধা চা চামচ গ্রেপসিড অয়েল প্রয়োজন হবে। এই সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনির দানা যেন পুরোপুরি গলে না যায়। এরপর ঠোঁট ভিজিয়ে তৈরিকৃত স্ক্রাবটি ঠোঁটের উপরে আলতোভাবে ম্যাসাজ করতে হবে ৫ থেকে ৮ মিনিট। এরপর ঠাণ্ডা পানিতে ঠোঁট ধুয়ে নিতে হবে।
ব্রাউন সুগার এক্সফলিয়েশন স্ক্রাব: এক্সফলিয়েট করার জন্য চমৎকার এই লিপ স্ক্রাব তৈরিতে প্রয়োজন হবে মাত্র তিনটি জিনিসের। এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ ব্রাউন সুগার এবং ৫ থেকে ৬ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই চিনি যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠোঁট পানিতে ভিজিয়ে নিয়ে স্ক্রাবটি আঙুলের সাহায্যে ঠোঁটে ম্যাসাজ করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এতে করে ঠোঁটে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ শেষে ঠোঁট ধুয়ে লিপ বাম ব্যবহার করতে হবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.