চা খেতে বাইরে গিয়েছিলেন, খোঁজ মিলল ১৫ বছর পর!
পাবলিশ: জুলাই ১০, ২০১৮ |
আপডেট: জুলাই ১০, ২০১৮
একদিন চা খেতে বাইরে গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। এভাবেই কেটে যায় দীর্ঘ ১৫ টি বছর। অবশেষে তার খোঁজ মিলেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায়।
আজ রোববার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন তিন মেয়ে ও দুই ছেলের জনক আবুল খায়ের ওরফে লুনু মিয়া (৫৫)।
স্বজনেরা জানায়, ১৫ বছর আগে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। ১৫ বছর তিনি কোথায় ছিলেন তা তাদের জানা নেই। তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ।
১৫ বছর ধরে বহু জায়গায় খুঁজেছেন স্বজনেরা। লুনু মিয়ার শোকে তার স্ত্রী কিছুদিন পরেই মারা যান। কিন্তু দিন-মজুরি করে সংসার চালিয়েও বাবাকে খোঁজা বন্ধ করেননি তার ছেলে।
অবশেষে হারিয়ে যাওয়া লুনু মিয়াকে পেয়ে খুশিতে আত্মহারা পরিবারের লোকজন।