মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় জো বাইডেনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তার এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতীম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত। বিএনপি মহাসচিব অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণ, বিএনপি ও তার নিজের পক্ষ থেকে জো বাইডেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন এবং একইসঙ্গে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।
তিনি অভিনন্দন বার্তায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার আমলে দুই দেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, জো বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জো বাইডেনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একই অভিনন্দন বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে তার সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বিএনপি মহাসচিব।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.