খুলনায় গ্রেফতারের নাটক সাজিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সোহেল মোল্যা (৩৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মহানগরীর রায়ের মহল মুন্সীপাড়া এলাকা থেকে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। এ সময় ডুমুরিয়ার চুকনগরের অপহৃত মুদি ব্যবসায়ী সেকান্দারকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
আড়ংঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, রাতে নিয়মিত টহল দেয়ার সময় জিরো পয়েন্ট এলাকায় ডুমুরিয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ১৪-২১০২) সিগনাল দেয় পুলিশ। কিন্তু প্রাইভেটকারটি সিগনাল না মেনে বাইপাস সড়ক হয়ে মোস্তর মোড়ের দিকে যায়। মোড়ে এসে পুলিশ দেখে দ্রুত রায়ের মহলের দিকে যায়। পুলিশ প্রাইভেটকারের পিছু নিয়ে রায়েরমহল আসে। সেখানে তাদের চ্যালেঞ্জ করা হলে কথাবার্তা উল্টাপাল্টা মনে হয়। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যবসায়ী সেকান্দারকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। গাড়িতে থাকা আরও তিন চারজন পালিয়ে যায়। কিন্তু সোহেল মোল্যা পালাতে পারেননি।
এসআই সাইফুর রহমান বলেন, গাড়ি থেকে দুই সেট পুলিশের ইউনিফর্ম, মোবাইল, র্যাঙ্ক ব্যাজসহ দোকানের তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.