গফরগাঁওয়ে যুদ্ধ বিমান থেকে দুটি তেলের ট্যাংকার পৃথক স্থানে খসে পড়েছে। আজ রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে ও বড় বড়াই গোলাপ সরকারের বাড়ির সামনে ট্যাংকার দুটি খসে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের উপর দিয়ে একটি যুদ্ধ বিমান উড়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে আর টি-৯৪৫ নম্বরের একটি তেলের ট্যাংকার গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে এবং এর অল্প দূরে বড় বড়াই গ্রামের গোলাপ সরকারের বাড়ির সামনের পতিত জমিতে এল টি-৯৪৫ নম্বরের আরেকটি ট্যাংকার ভেঙে পরে ধুমড়ে-মুচড়ে যায় ও ভিতরের তেল ছড়িয়ে পড়ে। এতে প্রথমে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে কৌতুহলী লোকজন দুটি স্থানে ভিড় করে।
হেলাল সরকার নামক এক ব্যক্তি বলেন, আজ আল্লায় রক্ষা করেছে। গয়েশপুর মাজারের সামনে বটতলায় সব সময় বহু লোকজন থাকেন। কিন্তু আজ ট্যাংকার ভেঙে পড়ার সময় ভাগ্যক্রমে কেউ ছিল না। থাকলে বহু লোক হতাহত হতো।
এ ব্যাপারে পাগলা থানার পুলিশ পরিদর্শক ফায়েজুর রহমান বলেন, একটি যুদ্ধ বিমানের দুটি তেলের ট্যাংকার ভেঙে পড়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলাই।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.