বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। এর মোকাবেলায় আমাদের জানা মতে সরকার কোনো যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে ঘূর্ণিঝড় আঘাত করলে আমাদের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই অবস্থায় আমরা অতীতেও দেখেছি সরকারের অবহেলার কারণে আমাদের দরিদ্র জনগোষ্ঠী এসব দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎসজীবী দল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, সরকার শুধু উন্নয়নের রোল মডেল বলে গলা ফাটাচ্ছেন। কিন্তু কিসের উন্নয়নের রোল মডেল? ১৫ মিনিট বৃষ্টি হলে যে দেশের রাজধানী পানির নিচে চলে যায় এটাকে বলে উন্নয়নের রোল মডেল? যে রাজধানীতে এক কিলোমিটার রাস্তা যেতে ৪৫ মিনিট সময় লাগে এটা নাকি উন্নয়নের মডেল। কে বিশ্বাস করবে একথা?
তিনি বলেন, অন্য সব কারণ বাদ দিলেও স্বাধীনতার ঘোষণা ও দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এই দুটি কারণে শহীদ জিয়া বাংলাদেশে অমর হয়ে থাকবে।
সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করে তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিতে হবে? দয়া করে এটা করবেন না। এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎসবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল প্রমুখ।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.