সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপে আলোচিত বিষয়গুলোর অন্যতম বাজে আম্পায়ারিং। আলিম দার কিংবা কুমার ধর্মসেনারা ব্যাপক সমালোচিত হয়েছেন। সবচেয়ে বেশি আলোচনায় আসে লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের ওভার-থ্রোতে বল বাউন্ডারি ছাড়ালে কুমার ধর্মসেনার ইংল্যান্ডকে ৬ রান দেয়া। এই ১ রান বেশি দেওয়ার কারণেই নিউজিল্যান্ড হেরেছে বলে মত অনেকের। সেই ভুল সিদ্ধান্তের বিষয়ে এবার মুখ খুলেছেন এই শ্রীলঙ্কান আম্পায়ার। তবে ভুল সিদ্ধান্ত দিয়ে কোনো অনুশোচনা নেই তার!
সানডে টাইমসকে ধর্মসেনা বলেছেন, ‘টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত দেয়া অনেক সহজ। অনেকে অনেককিছু বলতে পারে। পরে রিপ্লে দেখে আমিও মানছি সিদ্ধান্তে আমার ভুল ছিল। কিন্তু আমাদের তো আর আয়েশ করে মাঠে বসে টিভির রিপ্লে দেখার সুযোগ নেই এবং এ নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই। আমি যে তখন একটা সিদ্ধান্ত নিতে পেরেছি, সেজন্য আইসিসি আমার প্রশংসাও করেছে।’
ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ১৫ রান। ট্রেন্ট বোল্টের প্রথম ২ বলে কোনো রান নিতে পারেননি বেন স্টোকস। তৃতীয় বলে ছক্কা মারেন। চতুর্থ বলে ভাগ্যের জোরে ৬ রান পেয়ে যায় ইংলিশরা! দৌঁড়ে ২ রান নেয়ার সময় রান-আউট থেকে বাঁচতে ডাইভ দিয়েছিলেন স্টোকস। তখন গাপটিলের ছোঁড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়।
ধর্মসেনা আরও বলেছেন, ম্যাচের আরেক আম্পায়ার মারাইস ইরাসমাসও বলেছেন তাকে ছয় রান দিতে। তার ভাষায়, ‘আইন বলছিল, সিদ্ধান্তের জন্য আমরা থার্ড আম্পায়ারের কাছে যেতে পারবো না। সুতরাং, আমি লেগ আম্পায়ারের (ইরাসমাস) সঙ্গে আলোচনা করেছি। যোগাযোগ সিস্টেমের মাধ্যমে অন্য আম্পায়াররা কী বলেছেন সেটা শুনেছি। তারাও তখন টিভি রিপ্লে দেখেননি। সুতরাং, সবকিছু ভেবে চিন্তেই আমি আমার সিদ্ধান্ত দিয়েছি।’
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.