দুই দেশ সফর শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার রাতে দেশে ফিরছেন। রাত সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছানোর কথা রয়েছে।
গত ১৩ জুন পঞ্চম সিআইসিএ সম্মেলনে যোগ দিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। সেখানে পঞ্চম কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনে অংশ নেন রাষ্ট্রপতি।
এর পর ১৬ জুন উজবেকিস্তান সফরে যান তিনি। তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাত দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি।
সাত দিনের তাজিকিস্তান ও উজবেকিস্তান সফরের অংশ হিসেবে মো. আবদুল হামিদ হজরত খাজা খিজির (আ.) কমপ্লেক্সে উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইসলাম করিমভের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মঙ্গলবার রাষ্ট্রপতি সমরখন্দের গভর্নরের আমন্ত্রণে উজবেকিস্তানের প্রয়াত প্রথম প্রেসিডেন্টের সাবেক বাসভবনে মধ্যহ্নভোজে যোগ দেন। ইমাম বুখারি (রা.) আন্তর্জাতিক বিজ্ঞান ও গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এরপর আবদুল হামিদ আমির তৈমুরের জাদুঘর এবং উজবেকিস্তানের জাতীয় কৃষ্টি ও সংস্কৃতির নিদর্শন ঐতিহাসিক কিছু স্থান পরিদর্শন করেন। সফরে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম ও ছেলে সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.