বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সংসদ অবৈধ তা জাতিকে জানাতেই আমি শপথ নিইনি। এটা দলীয় সিদ্ধান্ত ছিল দাবি করে বিএনপির বাকি সংসদ সদস্যদের সংসদে যোগদান করার যৌক্তিকতা ব্যাখ্যা করেন তিনি।
সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণকে ভোট বিপ্লব থেকে সরিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে এই অবৈধ সরকার। স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেয়ার অধীর অপেক্ষায় ছিলেন এ দেশের মানুষ। কিন্তু পিস্তল ঠেকিয়ে জনগণের ভোটউৎসব ডাকাতি করেছে আওয়ামী লীগ ও তাদের পেটুয়া বাহিনী।
মির্জা ফখরুল বলেন, ঢাকা থেকে বিশেষ বাহিনী আনা হয়েছিলো শুধুমাত্র আমাকে ভোটে হারিয়ে দেয়ার জন্য।
তিনি বলেন, নির্বাচন হয়ে গেলেও এ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তবে ঠাকুরগাঁর রাণীশংকৈল উপজেলার কিছু মানুষ ভোট দিতে পেরেছেন শুধুমাত্র সাংগঠনিক শক্তির কারণে।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, অনলাইন ও স্যোশাল মিডিয়ার মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও-৩ আসনের দলীয় নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমানের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দলীয় শৃঙ্খলা ও আনুগত্য উপক্ষো করে তিনি জাতীয় সংসদে গিয়ে শপথ নিয়েছেন। বিএনপির এই সংসদ সদস্যকে শপথ না নেয়ার জন্য বলা হয়েছিলো। কিছুদিনের জন্যও অপেক্ষা করেননি তিনি।
তার বহিষ্কারের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, জাহিদুর রহমানের প্রতি বিএনপির যথেষ্ট সহানুভূতি ছিল। কিন্তু তিনি ধৈর্য না ধরে তড়িঘড়ি করে সংসদে গিয়ে শপথ নিয়েছেন। তবে দলের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর তার বহিষ্কারাদেশ বিষয়ে বিবেচনা করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের দমন-নিপীড়ণে বিএনপি রাজপথে দাঁড়াতে পারছে না। সভা-সমাবেশ আয়োজন করলেও তা ভণ্ডুল করে দিচ্ছে স্বৈরাচার এই সরকার। তিনি আবারও নিরপেক্ষ, তত্ত্বাবধারক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।
রাণীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক প্রমুখ।
পরে তিনি পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় যোগ দেন। এছাড়া বেলা ১১টায় হরিপুর উপজেলায় বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.