এবারের বাজেটে শিক্ষাখাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে। এ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শুধু শিক্ষার মানোন্নয়নই নয়, বাজেটে অবকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রাখা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে এবারের বাজেট নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. দীপু মনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, অতীতের চেয়ে বার্ষিক বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে আনুপাতিক হারে। যে কারণে এর মানোন্নয়নে আশানুরূপভাবে কাজ করা যাবে। ডা. দীপু মনি বলেছেন, মূলত যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা কারিকুলাম সব সময় এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আমাদের অনেক শিক্ষক এখনো কোনো প্রশিক্ষণ পাননি। প্রশিক্ষণের দিক দিয়ে আমরা অনেকখানি পিছিয়ে। এসব কাজ যেন আমরা খুব দ্রুত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে।
শিক্ষামন্ত্রী জিপিএ-৫ সম্পর্কে বলেন, সারা বিশ্বেই জিপিএর এ বিষয়টি ৪ স্কেল করা হয়। আমাদের দেশেও উচ্চশিক্ষায় ৪ স্কেলে হয়। শুধু এইচএসসি পর্যন্ত ৫ স্কেলে আছে।
তাই আমাদের দেশের উচ্চশিক্ষা ও বিদেশের সাথে একই রকম করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কারণ শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.