‘এমন আম্পায়ারিং মানব না, প্রয়োজনে বিশ্বকাপ ছেড়ে বাড়ি ফিরব’

অস্ট্রেলিয়া-উইন্ডিজ ম্যাচের কথা। অসি পেসারদের প্রায় প্রতিটি আবেদনেই আঙুল তুলেছেন নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গিফানি। ফলাফল পাঁচ পাঁচবার রিভিউ নেওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। একমাত্র যে সিদ্ধান্তটি বহাল ছিল সেটাও টিকেছে আম্পায়ার্স কলে। এড়িয়ে গেছেন বড় বড় নো-বল। মাঠের আম্পায়ারের এমন সিদ্ধান্ত দেখার পর ধারাভাষ্যে কীভাবে নীরব থাকেন ক্যারিবিয়ান মাইকেল হোল্ডিং?

কিন্তু আম্পায়ারিং নিয়ে কঠোর সমালোচনা করায় ইমেইলের মাধ্যমে ধারাভাষ্যকারদের সতর্ক করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার সেই সতর্ক বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার হোল্ডিং বলেন, আমি এর অংশ হতে চাইনা বলে দুঃখিত। আমাকে বলে দিলে আমি কার্ডিফ না গিয়ে আমার বাড়ি চলে যাব। এখানে যা বলা হয়েছে; আমি এর সঙ্গে একমত নই। এর অংশ নই বলে আমি খুশিও।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই বাজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক হচ্ছে। উইন্ডিজের হয়ে টেস্ট ও ওয়ানডেতে ১৬২ ম্যাচে ৩৯১টি উইকেটে শিকার করা মাইকেল হোল্ডিং বলেন, আমি এটা বলার জন্য ক্ষমা চাচ্ছি যে আজকের ম্যাচে অত্যন্ত বাজে আম্পায়ারিং হয়েছে।

আশির দশকে ২২ গজে গতির ঝড় তোলা হোল্ডিং আরও বলেন, যদি এ আম্পায়াররা ফিফার অফিসিয়াল হতেন, তখনই তারা বাড়ির পথ ধরতেন। তাদের এরপর আর সুযোগই দেয়া হত না। একজন সাবেক ক্রিকেটার হিসেবে ক্রিকেটের মানটা আরও উন্নত চাই। খেদ প্রকাশ করে তিনি প্রশ্ন রাখেন, তারা খারাপ কিছু করলেও তা সয়ে যাওয়াই কি নীতির মধ্যে পড়ে?