জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার। ওসি কাউসার বলেন, ‘দর্পণ দ্বীপ এখানে তিনি তাঁর স্ত্রী ও বাচ্চাসহ থাকতেন। ভোররাতে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে দঁড়ি বেঁধে আত্মহত্যা করেন। কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে তেমন কিছু জানা যায়নি।
মৃত্যুর আগে দ্বীপ নিজ হাতে লেখা একটি চিরকুট রেখে গিয়েছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। চিরকুটে লেখা ছিল ‘আমার আত্মহত্যার জন্য কেউই দায়ী না। জীবনের পদে পদে হারতে হারতে এ দেহ নিয়ে বাঁচতে চাই না। আমি জানি পৃথিবীর কষ্ট কিছু না। মৃত্যুর পর অনেক কষ্ট হবে।’
নিহত দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে আদাবর থানার ডিউটি অফিসার রোমান বলেন, দ্বীপ গান করে। প্রতিদিনের মতো এদিনও মিউজিক রুমেই ছিলেন। কাজের সময় ডাকলে দ্বীপ বিরক্তবোধ করবে বলে তার স্ত্রী নিজ রুমে শুয়ে পড়েন। রাত সাড়ে ৩ টার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে রুমে গিয়ে দেখেন দ্বীপ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছেন। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।
তিন ভাইয়ের মধ্যে দ্বীপ সবার ছোট। সবার বড় আব্বাস ফারুক স্বপন এবং মেজ জিয়াউল ফারুক অপূর্ব। ময়না তদন্ত শেষে আজ বাদ মাগরিব শহীদ বুদ্ধিজীবী কবরস্হানে তাকে দাফন করা হবে বলে জানান দ্বীপের দুর সম্পর্কের ভায়রা আবু জাফর।
দ্বীপ অনেকদিন ধরেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, কিছুদিন আগেও দ্বীপের ‘ভালবাসি তোমায়’ গানটি প্রকাশিত হয়েছিল। গানটি থেকে ভাল সাড়াও পেয়েছিলেন। গানের পাশাপাশি তিনি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করতেন। অনেক নাটকের আবহ সঙ্গীত করার পাশাপাশি করেছেন নিজের ভাই অপূর্ব নাটকেরও। অপূর্ব অভিনীত ফার্স্ট লাভ, ড্রিম গার্ল সহ আরও নাটকের আবহ সংগীত করেছেন তিনি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.