অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় তার পক্ষে জাতীয় সংসদে বাজেট পেশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৩টার কিছু সময় পর ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতার শুরুর পর বারবার থেমে যাচ্ছিলেন অর্থমন্ত্রী। একপর্যায়ে ওষুধ খাওয়ার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৫ মিনিট সময় চেয়ে নেন। পরে অর্থমন্ত্রী জানান আজ বাজেট বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি যতটুকু পড়তে পেরেছি বাকিটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। উনি পড়ে দেবেন।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার আমারও অপারেশন, আমার মন্ত্রীরও অপারেশন। তার উপরে ঠান্ডা লেগে কিছুটা গলা সমস্যা। তারপরও পড়ি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের অনুমতি দেন। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে না বসে বাজেট বক্তৃতা উপস্থাপন করবেন- এমন প্রস্তাব জানালে স্পিকার বসে উপস্থাপনের অনুমতি দেন এবং প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রীকে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য ধন্যবাদ জানান।
বিকেল ৪টা ১৩ মিনিটের দিকে প্রস্তাবিত বাজেট বক্তৃতার একপর্যায়ে ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি’- এমন একটি অংশ এলে প্রধানমন্ত্রী সেটা পড়েন এবং হেসে ফেটে পড়েন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে হাস্যরসে মেতে ওঠেন।
স্পিকার এ সময় প্রস্তাবিত বাজেটের যেসব অংশে ‘প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি’ অংশ উল্লেখ আছে তা পাঠ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ অর্থমন্ত্রীর স্থলে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট সংসদে পেশ করছিলেন।
প্রস্তাবিত বাজেট পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.